| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি
  • ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

    জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”

    বুধবার (২১ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে। এছাড়া গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে সমাজে বিভেদ সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দেশবাসীকে দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে দেশের তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হওয়ার তাগিদ দেন তিনি।

    বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সব নাগরিককে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক সংঘাত চললেও বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালন করে আসছে। এই সম্প্রীতিই আমাদের মূল শক্তি ও অস্তিত্ব, যা যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে।

    তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ কিংবা গোষ্ঠী পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্য বা নিপীড়নের শিকার হবেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মহান মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে সব ধর্মের মানুষের সক্রিয় অংশগ্রহণই আমাদের জাতীয় ঐক্যের মূল ভিত্তি।

    রাষ্ট্রপতি পুনর্ব্যক্ত করেন যে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই এ দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক। সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা প্রদান করেছে। সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একটি ‘জাতীয় কমিটি’ গঠনেরও আহ্বান জানান তিনি।

    পাশাপাশি, দেশের প্রতিটি মানুষ যেন সম্পূর্ণ নিরাপদ ও আনন্দময় পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

    অনুষ্ঠানে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির শীর্ষ নেতারা রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম, ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ সরকারের উচ্চপদস্থ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    (সূত্র: বাসস)

    আরও পড়ুন