রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এই সফরকে কেন্দ্র করে গোটা জেলাজুড়ে বইছে আনন্দ ও উৎসবের হাওয়া। শহর পরিচ্ছন্ন করা, তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ চলছে জোরকদমে।
সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়ে বেলা ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছাবেন। জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। সেনুয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে বাবা মরহুম মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগম-এর কবর জিয়ারত করবেন।
কালীবাড়িতে নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির সংবর্ধনায় যোগ দেবেন। ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
আনুষ্ঠানিকতা শেষে সার্কিট হাউস হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে জেলাজুড়ে নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।































