তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রথম কমিটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রোববার (৩০ আগস্ট) সৌদি আরবের আল অ্যারাবিয়া নিউজের খবরে বলা হয়, বৈঠকে তিন দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানরা অংশ নেবেন বলে জানা গেছে।
আলোচনায় আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও গভীর করার বিষয়গুলো গুরুত্ব পাবে। চলতি মাসে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিকে তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার নতুন কাঠামো হিসেবে দেখা হচ্ছে।
চুক্তির আওতায় যৌথ নিরাপত্তা উদ্যোগ, সামরিক সহযোগিতা এবং প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্পখাতে সমন্বয় বৃদ্ধির বিষয়ে কাজ করার কথা রয়েছে। ইস্তাম্বুলের এই বৈঠককে চুক্তি বাস্তবায়নের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
























