পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. দ্বীন ইসলাম শুভ নামের পটুয়াখালীর এক জামায়াত নেতা। বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
মো. দ্বীন ইসলাম শুভ মহিপুর থানার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ছিলেন। একইসঙ্গে বাইতুল মালের (অর্থ কমিটি) দায়িত্বও পালন করছিলেন।
দ্বীন ইসলাম শুভ ফেসবুকে বলেন, গত ৫ আগস্টের পর আমি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত হন। উদ্দেশ্য ছিল ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়া। কিন্তু পরে তিনি দলীয় পর্যায় থেকে এমন বার্তা পেয়েছেন, যা তার মতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রশ্নে আন্তরিকতার অভাব প্রকাশ করে। বিষয়টি তার আদর্শ ও নৈতিক অবস্থানের পরিপন্থি হওয়ায় তিনি জামায়াতের রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির মো. তোফাজ্জল সিপাহী বলেন, শুভকে প্রথমে ইউনিয়ন বাইতুল মাল-এর দায়িত্ব দেওয়া হয়। পরে তাকে ওয়ার্ডের আমিরের দায়িত্ব দেওয়া হয়। তিনি কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে আমরা নিশ্চিত নই।

































