কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।
এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। আন্দোলন চলাকালে কিছু অ্যাম্বুলেন্সকে ভিন্ন সড়ক ব্যবহার করে চলাচল করতে দেখা যায়।
চট্টগ্রামের যাত্রী ফাহিমা আক্তার বলেন, সকালে ঢাকা থেকে বাসে উঠেছি। খুব আরামেই যাচ্ছিলাম। কিন্তু এখানে এসে দেড় ঘণ্টার বেশি সময় ধরে বসে আছি। গরম আর সহ্য হচ্ছে না। বাস চালক আবদুল মতিন বলেন, আমরাও চাই এ হত্যাকাণ্ডের বিচার হোক। তবে তারা রাস্তা দখল না করে আন্দোলন করতে পারতো। আমাদের এভাবে কষ্ট দেওয়ার মানে হয় না।
এদিকে দুপুর ১টার কিছু সময় পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এসময় মিছিল করতে করতে তারা ক্যাম্পাসের দিকে ফিরে যান। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল হক বলেন, আমরা যানজট নিরসনে কাজ করছি। দ্রুতই মহাসড়ক ক্লিয়ার হয়ে যাবে।






























