| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • ইয়েমেনে নিষিদ্ধ হচ্ছে ইরানের পণ্য
  • ইয়েমেনে নিষিদ্ধ হচ্ছে ইরানের পণ্য

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

    ইরান থেকে আমদানি করা সব ধরনের পণ্য ও সামগ্রী দেশে প্রবেশ এবং বাজারে বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। রোববার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানায়, ইয়েমেনের আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    বৈঠকে সভাপতিত্ব করেন ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও কমিটির প্রধান আহমেদ গালেব। কমিটি জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থের প্রয়োজনীয়তা বিবেচনা করেই ইরানি পণ্যের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

    তবে ঠিক কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং ইরানের কোন কোন পণ্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ইয়েমেন সরকার ও ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার মধ্যেই এ সিদ্ধান্ত এলো। ইয়েমেন সরকার দীর্ঘদিন ধরে হুথিদের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইরানকে দায়ী করে আসছে।

    তবে ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নেয়। অন্যদিকে ইয়েমেন সরকারের বাহিনীকে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থন করছে।

    ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর তুলনামূলক শান্ত ছিল ইয়েমেনের পরিস্থিতি। তবে চলতি বছরের জুলাই থেকে দুই পক্ষের মধ্যে আবারও লড়াই ও উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    সূত্র: সাবা

    আরও পড়ুন