| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • শপথ নিলেন নিউইয়র্কের মেয়র মামদানি
  • শপথ নিলেন নিউইয়র্কের মেয়র মামদানি

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

    পবিত্র কোরআনে হাত রেখে শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রের জনবহুল ও ব্যয়বহুল শহর নিউইয়র্কের নয়া মেয়র জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন, একইসঙ্গে কোরআনে হাত রেখে শপথ গ্রহণ করলেন।

    মামদানি একাধারে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, মিলেনিয়াল প্রজন্মের প্রতিনিধি এবং একজন মুসলিম। নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতের পর নিউইয়র্কের বন্ধ হয়ে যাওয়া একটি ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে আড়ম্বরহীন এক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণের মাধ্যমে ইতিহাস তৈরি করেন।

    শপথ গ্রহণের কিছুক্ষণ পর তিনি বলেন, এটি সত্যিই জীবনের সম্মান এবং সুযোগ। শপথ গ্রহণের সময় ৩৪ বছর বয়সী মামদানির পাশে ছিলেন তার স্ত্রী রামা দুওয়াজি। তার স্ত্রী একজন সিরিয়ান-আমেরিকান চিত্রশিল্পী ও ডিজাইনার।

    নিউইয়র্ক সিটিতে নতুন মেয়ররা সাধারণত আইনি কারণে ১ জানুয়ারি মধ্যরাতে প্রথম শপথ নেন।

    এরপর নববর্ষের দিনে যখন আরও বেশি মানুষ জেগে ওঠে ও উপস্থিত থাকে, তখন তারা আবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
    মামদানির মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার (১ জানুয়ারি) তার শপথগ্রহণ উপলক্ষে তিনি ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের অন্তত তিনটি ভিন্ন সংস্করণ ব্যবহার করবেন। মধ্যরাতের অনুষ্ঠানে মামদানি তার দাদার ব্যবহৃত কোরআন শরিফ এবং বিখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক ও ইতিহাসবিদ আর্তুরো শোমবার্গের মালিকানাধীন একটি কোরআন ব্যবহার করেন। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার নেওয়া হয় কোরআনটি।

    এরপর পরে প্রকাশ্য অনুষ্ঠানে তিনি আরেকটি কোরআন ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস মধ্যরাতে মামদানিকে শপথ বাক্য পাঠ করাবেন এবং ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স দিনের শেষের দিকে গণতান্ত্রিক সমাজতান্ত্রিককে শপথ বাক্য পাঠ করাবেন।

    প্রচারণা এবং নির্বাচন জয়ের আগে মামদানি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মেয়র মামদানি একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক নেতা। দীর্ঘ মেয়র নির্বাচনী প্রচারণায় তিনি নিউ ইয়র্ক সিটিকে মানুষের জন্য আরও সাশ্রয়ী করে তোলার প্রতিশ্রুতি দেন।

    পাশাপাশি বাসিন্দাদের জন্য বিনামূল্যে বাস সেবা ও সবার জন্য শিশু যত্ন সুবিধা চালুর কথাও বলেন।
    এসব প্রতিশ্রুতি সামনে রেখে তিনি একটি বন্ধ হয়ে যাওয়া সাবওয়ে স্টেশনে শপথ গ্রহণ করেন। শহরের পরিষেবা উন্নত করা এবং কর্মীদের পাশে থাকার যে প্রতিশ্রুতি তিনি বারবার দিয়েছিলেন, এটি তারই স্পষ্ট ইঙ্গিত ছিল।

    শপথ নেওয়ার পর স্বঘোষিত এই ডেমোক্র্যাট সমাজতন্ত্রী নিউ ইয়র্কের ১১২তম মেয়র হিসেবে অভিষিক্ত হয়েছেন বলে সিএনএন জানিয়েছে।

    আরও পড়ুন