দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে অনুভূত হওয়া এই ভূমিকম্পে রাজধানী লিমাসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে।
কম্পন অনুভূত হওয়ার পরপরই আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) এবং পেরুর ভূ-ভৌতিক ইনস্টিটিউটের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী লিমা থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে আন্দিজ অঞ্চলের জুনিন প্রদেশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১২৯ কিলোমিটার।
স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত হয়ে সাধারণ মানুষের পাশাপাশি আইনপ্রণেতারাও সংসদ ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। জুনিন প্রদেশের স্থানীয় পরিষদের সদস্য ভিসেন্তে কুইস্পে সংবাদমাধ্যম আরপিপিকে জানান, ওই অঞ্চলে এত তীব্র মাত্রার ভূমিকম্প এর আগে কখনো অনুভূত হয়নি।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরুর অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি খনি শিল্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল জুনিন প্রদেশে বেশ কয়েকটি মাঝারি আকারের খনির পাশাপাশি দেশটির অন্যতম বৃহৎ তামার খনি ‘তোরোমোচো’ অবস্থিত।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা নিশ্চিত করেছে যে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। ভৌগোলিকভাবে পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় বলয়ের ওপর অবস্থিত হওয়ায় টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।
























