| |
  • প্রচ্ছদ
  • বিদ্যুৎ ও জ্বালানি
  • রূপপুর প্রকল্প এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম চলছে
  • রূপপুর প্রকল্প এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম চলছে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং প্রস্তুতির প্রেক্ষাপটে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত করপোরেশন রোসাটম এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন যৌথভাবে প্রকল্প এলাকায় ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

    এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রকল্পটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্ন, ভুল ধারণা, উদ্বেগ ও কৌতূহলের সঠিক ও তথ্যভিত্তিক উত্তর দেওয়া। কর্মসূচির অংশ হিসেবে রোসাটম ও বিএইসির প্রতিনিধিরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এবং তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। রোববার রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

    মাসব্যাপী এই কর্মসূচির আওতায় পাবনা জেলার বিভিন্ন উপজেলায় বিজ্ঞান উৎসব, গম্ভীরা পরিবেশনা এবং উঠান বৈঠক আয়োজন করা হচ্ছে।

    চলমান বিজ্ঞান উৎসবের অংশ হিসেবে রোসাটম ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধিরা একটি নান্দনিক পারমাণবিক থিমে ব্র্যান্ডিং করা বাসে করে বিভিন্ন এলাকায় ভ্রমণ করছেন। যাত্রাপথে তারা বিভিন্ন জনসমাবেশে অংশ নিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। পাবনা জেলার সব উপজেলার মানুষ সরাসরি প্রকল্প প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, পরিবেশগত দিক, প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সামাজিক-অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতে পারছেন।

    জনগণের আগ্রহ বৃদ্ধি করতে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক খেলাধুলার আয়োজন করা হচ্ছে এবং দর্শকদের মধ্যে পারমাণবিক থিমের স্মারক সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া সম্প্রতি ঈশ্বরদী পারমাণবিক তথ্যকেন্দ্র এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ যৌথভাবে পারমাণবিক প্রযুক্তি বিষয়ক বিতর্ক ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করে।
    এ মাসে আরও দুটি গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে জেলার বিভিন্ন স্থানে স্থানীয় জনগণের অংশগ্রহণে গম্ভীরা পরিবেশনা এবং উঠান বৈঠক।

    ‘টেকসই, নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ এই প্রতিপাদ্যে গম্ভীরা পরিবেশনার মাধ্যমে বিনোদনের পাশাপাশি যুক্তিনির্ভর উপস্থাপনায় রূপপুর প্রকল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হবে।
    উঠান বৈঠকের লক্ষ্য হলো স্থানীয় জনগণকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে অবহিত করা, সরাসরি আলোচনায় যুক্ত করা, তাদের প্রশ্নের সঠিক ও তথ্যভিত্তিক উত্তর প্রদান, উদ্বেগ ও শঙ্কা দূর করা এবং প্রকল্পের পক্ষে ইতিবাচক জনমত গড়ে তোলা।

    ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট স্থাপন করা হচ্ছে। এখানে সর্বাধুনিক ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ পারমাণবিক রিঅ্যাক্টর ব্যবহার করা হচ্ছে, যা সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।

    আরও পড়ুন