| |
  • প্রচ্ছদ
  • সাহিত্য
  • ইফতেখার রবিনের কবিতাঃ শীতের ভেতর এবং অন্যান্য
  • ইফতেখার রবিনের কবিতাঃ শীতের ভেতর এবং অন্যান্য

    Icon
    সাহিত্য ডেস্ক
    প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

    ইফতেখার রবিনের কবিতাঃ

    শীতের ভেতর এবং অন্যান্য

    যে কোনো সকাল
    তুমি হারিয়ে যেতে পারো,
    যেন শীতের হালকা কুয়াশা
    মাটির চোখে পড়ছে।

    ফুল ফোটে কিন্তু কেউ দেখে না;
    প্রজাপতি ওড়ে কিন্তু তুমি বোঝো না।
    শিশির পড়ে ধীরে,
    মনোটোনে—কেউ গুনছে না।

    তুমি মারা যাবে—এমন ভাব নয়,
    শুধু মনে হয়,
    কিশোরের মতো একটি আকাশ,
    জন্ম-মৃত্যু-জীবনের কথা কেউ
    তোমাকে কখনো বলেনি।

    পাথর আর গলিত মায়ার নীরব দ্বন্দ্ব,
    দুজনার মাঝখানে
    ঝরে পড়ে অচেনা শৈথিল্য।

    এ-ধ্রুবই সত্য তবু—
    স্মৃতি ফিরলো না আর,
    স্বেচ্ছাহৃত পরিচয়
    হাওয়ার খামে মোড়া।

    নৈঃসঙ্গ্যের পাখিবনে
    এক গন্ধ বহে যায় ধীরে—
    পুরোনো, চেনা,
    ফাল্গুনের অন্তর্গত
    এক নিঃশব্দ অগ্নিসন্ধ্যা।

    প্রতিদিন রোদ নামে,
    সাদা-কালো-লালের ভেতর দিয়ে তুমি হেঁটে আসো
    মৃদু কোনো অনুশোচনার মতো,
    আর আমার হৃদয়ের পাশে ছোট ছোট ঘ্রাণ
    ফুল হয়ে জেগে ওঠে।

    ফুটতে ফুটতে দিন শেষ হয়,
    যুবক আলো বার্ধক্যের রং মেখে ফিকে হয়ে যায়—
    তবু আসে, আরও আসে সেই চেনা নস্টালজিক গন্ধ,
    পুরোনো নূপুরের শব্দ,
    রেডিওতে হারানো মন ভোলানো গান।

    শোনো রোদ,
    দৃশ্যের দুর্দিনে একটু দীপ্তি রেখো—
    কমে যাওয়া সকালগুলোকে,
    বিষণ্ণ দুপুরকে,
    নিঃশব্দ রাতের ভেতর জমে থাকা মৃত্যুপূর্ব শূন্যতাকে
    একটুখানি প্রেমে ভিজিয়ে দিও।

    আমি শুধু চাই—
    সমস্ত সময়ের বুকজুড়ে
    এক জীবনের ভালোবাসা এঁকে যেতে,
    এবং না-পারার যে গভীর হাহাকার
    সেটাকে ধীরে ধীরে আলো হতে দিতে।

    আরও পড়ুন