পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় অতর্কিত হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দলটির অন্তত পাঁচজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—ঈশ্বরদীর পূর্বটেংরী গ্রামের শিপন খানের ছেলে মো. সিজান খান (২২), শেরপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রিফাত মিয়া (২৬), সাহেবপাড়া গ্রামের মজনু প্রামাণিকের ছেলে মো. মাহিম (২৫), পূর্বটেংরী এলাকার পিরুর ছেলে মো. রিসাদ (২৬) এবং শেরপাড়া গ্রামের বাবুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৭)।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সোমবার বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিকেল পাঁচটার পর মিছিল শুরুর আগমুহূর্তে নেতা-কর্মীরা একত্রিত হচ্ছিলেন। এ সময় মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় আওয়ামী লীগ সমর্থিত একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে পাঁচজন পায়ে গুলিবিদ্ধ হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া ফেরদৌস জানান, আহত পাঁচজনেরই পায়ে গুলি লেগেছে।
গুলি শরীরের ভেতরে গভীরভাবে বিদ্ধ থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতির সময় হঠাৎ করে নেতা-কর্মীদের ওপর গুলি চালানো হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























