গোপালগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিলের সামনে দাঁড়ানো ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের পুরাতন লঞ্চঘাট ও গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের সামনে দাঁড়ানো ও কথা-কাটাকাটির জেরে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন।
এ ঘটনার জের ধরে সন্ধ্যার পর উভয় গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্টেডিয়াম সংলগ্ন সড়কে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে সড়কে গুলিবর্ষণ ও চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় আতঙ্কে পুরো শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ফুল মার্কেটের ১০টি ফুলের দোকান ভাঙচুর করা হয়।
সংঘর্ষে চরমানিকদাহ গ্রামের প্রান্ত মোল্লা (২০), রাকিব মোল্লা (২২), সাহাবুল মোল্লা (৩৫) ও আমিন মোল্লা (২০) ছররা গুলিতে (পেলেট) আহত হয়েছেন। তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া স্প্লিন্টার ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ছয় বছর বয়সী এক শিশুসহ বাকিদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নাঈম ফেরদাউস জানান, ভর্তি হওয়া চারজনের শরীরে ছররা গুলির চিহ্ন রয়েছে এবং তাদের এক্স-রে করানোর জন্য পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পুলিশ পেয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























