কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ শনিবার (২১ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ দাবি জানান।
বিবৃতিতে হেফাজত নেতারা উল্লেখ করেন, আওয়ামী লীগের ব্যাপারে ভুক্তভোগী শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারো নেই। তাদের মতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়।
জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ঘটনার পর দলটির নেতাকর্মীরা ভারতে অবস্থান নিয়ে দেশের বিরুদ্ধে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এছাড়া তাদের এজেন্ডার অনুকূলে কাজ করা গণমাধ্যমগুলোর বিষয়েও সতর্কবার্তা দেন নেতারা।
বিবৃতিতে আরও বলা হয়, পিলখানা, শাপলা চত্বর, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহতরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।
তাদের ন্যায়বিচারের কথা বিবেচনা না করে যারা বিভিন্ন টকশো ও প্ল্যাটফর্মে দলটির পক্ষে কথা বলছেন, তাদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে বলে হেফাজত নেতারা মন্তব্য করেন।
অতীতেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল এবং ১৯৯৬ সালে ক্ষমা চেয়ে ক্ষমতায় আসার পরও তাদের অবস্থার পরিবর্তন হয়নি বলে বিবৃতিতে দাবি করা হয়।
হেফাজত নেতারা বলেন, রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন দীর্ঘ ১৫ বছরের বিভিন্ন ঘটনা ও গণহত্যার পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক বৈধতা থাকতে পারে না।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার আহ্বান জানান তারা।
বিবৃতির শেষাংশে নেতৃবৃন্দ উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে তৃতীয় কোনো রাষ্ট্র আশ্রয় দিতে রাজি হয়নি।
আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও দ্য ইকোনমিস্ট-এর সাম্প্রতিক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনেও তার শাসনামলের চিত্র উন্মোচিত হয়েছে।























