| |
  • প্রচ্ছদ
  • গণমাধ্যমের খবর
  • ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
  • ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

    ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। তাঁর ক্যানসার চতুর্থ বা শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।

    শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে যুক্ত হয়ে নিজের অসুস্থতার বিষয়টি তুলে ধরেন দেশের বাইরে অবস্থানরত শামীম ওসমান। টকশোতে তিনি বলেন, তিনি অসুস্থ ও ক্যানসারে আক্রান্ত এবং তাঁর ক্যানসার ফোর্থ স্টেজে রয়েছে বলে জানানো হয়েছে।

    নিজের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করলেও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আর কতদিন বাঁচবেন তা জানেন না, তবে আল্লাহর ওপর তাঁর আস্থা রয়েছে এবং তিনি বাঁচবেন বলে বিশ্বাস করেন।

    তাঁর অসুস্থতার খবরে কেউ কেউ সন্তুষ্ট হতে পারেন মন্তব্য করে এ বিষয়ে আনন্দিত না হওয়ার আহ্বান জানান শামীম ওসমান। পাশাপাশি অতীতে নিজের ওপর হওয়া একাধিক হামলা ও হত্যাচেষ্টার প্রসঙ্গও টানেন তিনি।

    অসুস্থতার পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতি তাঁর ব্যক্তিগত অসুস্থতার চেয়েও বেশি উদ্বেগের। দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ও নির্যাতনের অভিযোগ তুলে ধরেন তিনি।

    নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, একসময় নারায়ণগঞ্জে দলটি বেশ শক্তিশালী থাকলেও কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি, পকেট কমিটি এবং বিভাজনের রাজনীতির কারণে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

    এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আশা প্রকাশ করে শামীম ওসমান বলেন, বেঁচে থাকলে তা দেখে কৃতজ্ঞ থাকবেন, আর না থাকলে সেই আক্ষেপ থেকে যাবে।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান শামীম ওসমান এবং পরে দেশের বাইরে চলে যান। জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট গণহত্যাসহ বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

    আরও পড়ুন