সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরসূরিদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের ত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা।
মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সরকার সব সময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কয়েকজন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার ও সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত সবার সঙ্গে ঘুরে ঘুরে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এর আগে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























