রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে টিনের ঘর ও আধাপাকা বাড়িগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) মহাখালী সাততলা বস্তি সংলগ্ন সংক্রামক ব্যাধি হাসপাতালের গেটের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান।
তিনি বলেন, আজ সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তির কবরস্থান রোডের গোড়া বস্তি অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়। সকাল ১০টা ১০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
অগ্নিকাণ্ডের গুরুত্ব ও ভয়াবহতা বিবেচনায় পরবর্তী সময়ে আরও ইউনিট পাঠানো হয়।
আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তখনো আগুন নির্বাপণের কাজ চলছিল।
মো. মাহমুদুল হাসান বলেন, বস্তি এলাকায় নিম্নআয়ের মানুষ বসবাস করেন। আগুনে তাদের টিনের ঘর ও আধাপাকা বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় শতাধিক পরিবার বসবাস করে।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের মাধ্যমে জানা যাবে। এজন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। তবে পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ সময়সাপেক্ষ। এ কাজে হয়ত সারাদিন লেগে যেতে পারে।
অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়ে জানতে চাইলে মো. মাহমুদুল হাসান বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নির্বাপণের কাজ শেষ হলে পুরো এলাকায় তল্লাশি চালানো হবে। এরপর কেউ আহত বা হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে।


























