যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের ক্ষেত্রে তথ্য যাচাই এবং তৃতীয় পক্ষের (দালাল বা এজেন্সি) সেবা নেওয়া বা বাড়তি অর্থ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
সোমবার (১৬ নভেম্বর) এক বার্তায় ভিসাপ্রত্যাশীদের প্রতি এ সতর্কবার্তা ও নির্দেশনা দেয় দূতাবাস।
ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কোনো তৃতীয় পক্ষের সহায়তা নেওয়ার প্রয়োজন নেই। আবেদনকারীরা যেন নিজেরাই অনলাইনে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেন, অথবা প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নেন।
ভিসা সংক্রান্ত কাজে তৃতীয় পক্ষ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দূতাবাস আরও বলেছে, তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। এ ছাড়া আবেদনের সময় সব তথ্য সঠিকভাবে যাচাই করে দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
এর আগেও ভিজিটর ভিসার নিয়মকানুন ও শর্ত যথাযথভাবে মেনে চলার বিষয়ে ভ্রমণকারীদের সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। সেখানে স্পষ্ট করা হয়েছিল যে, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণ আবেদনকারীর নিজের এবং নিয়ম মেনে চলার বিষয়ে কনস্যুলার অফিসার নিশ্চিত না হলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে।























