নির্বাচনে হস্তক্ষেপের গুরুতর অভিযোগ ওঠায় ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন দেশটির সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত বিরোধী নেতা গাদি আইজেনকট। তিনি স্পষ্ট ভাষায় বলেন, নেতানিয়াহু ‘আর এক মিনিটও সরকারপ্রধানের পদে থাকতে পারেন না’।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে নেতানিয়াহুর এক সহযোগীর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠে আসার পর আইজেনকট এই প্রতিক্রিয়া জানান। ওই প্রতিবেদনে দাবি করা হয়, গত অক্টোবরের নির্বাচনের দিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ ওই সহযোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে তিনজন আরব-ইসরায়েলি আইন প্রণেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও পরে অভিযোগের সত্যতা না মেলায় পুলিশ তাঁদের ছেড়ে দেয়।
এ ছাড়া অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নেতানিয়াহুর এমন কর্মকাণ্ডকে ইসরায়েলি গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক সেনাপ্রধান আইজেনকট। তিনি এ ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এবং প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতের কাছে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন।
অন্যদিকে, নেতানিয়াহুর দপ্তর চ্যানেল ১২-এর প্রতিবেদনটিকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে। আর ক্ষমতাসীন লিকুদ পার্টি আইজেনকটের বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘চরম উসকানি’ বলে পাল্টা সমালোচনা করেছে। এর আগে শনিবার নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিলেও আইজেনকট তা ‘ধোঁকাবাজি’ বলে প্রত্যাখ্যান করেন।
সূত্র: এএফপি ও আরব নিউজ
























