| |
  • প্রচ্ছদ
  • বিদ্যুৎ ও জ্বালানি
  • ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পৌঁছেছে রূপপুর
  • ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পৌঁছেছে রূপপুর

    Icon
    জেলা প্রতিবেদক, ঈশ্বরদী, পাবনা
    প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

    নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি (ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল) বা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টা ৫ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

    প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের এই চালানটি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে। এর আগে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি এবং দ্বিতীয় ইউনিটের চারটিসহ মোট পাঁচটি চালান দেশে এসেছিল। নতুন এই চালানটি যুক্ত হওয়ায় মোট ছয়টি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।

    রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গো বিমানে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হচ্ছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আসার কথা রয়েছে।

    এদিকে, রাশিয়ার ভিভিইআর-১২০০ প্রযুক্তিতে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) এ কার্যক্রমের অনুমোদন দেয়। এই পর্যায়ে রিঅ্যাক্টরের উৎপাদনক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান কারিগরি পরীক্ষাগুলো সফলভাবে শেষ হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত (সিনক্রোনাইজেশন) করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এবং নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে।

    আরও পড়ুন