জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের কনকর্ড টাওয়ারে অবস্থিত ‘কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বারের ম্যানেজারসহ ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন ৩১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ মোল্লা ওরফে রাজা, যুবলীগকর্মী আকবর হোসেন, সুমন মিয়া, জসিম খান, শাহাদাত ইসলাম, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, শিপন, মাহবুব, কাইয়ুম ও রাকিবুল ইসলাম।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই উক্যমং রাখাইন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। কয়েকজন আসামির পক্ষে আইনজীবী সালাউদ্দিন নিয়াজী জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে জামিন আবেদনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।
মামলার অভিযোগে বলা হয়, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন নিলয়, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব এবং ছাত্রদলকর্মী আকাশসহ কয়েকজন বুধবার ধানমণ্ডি কাবাব ঘর থেকে তানভীর আহাম্মেদ মোল্লা ও আকবর হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিলেন।
পথে ধানমণ্ডি-১৭ নম্বর এলাকায় ঢাকা ব্যাংকের নিচে পৌঁছালে সুমন মিয়ার নির্দেশে অন্য আসামিরাসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাদের হাতে থাকা বেতের লাঠি, লোহার রড ও হকিস্টিক দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোহাম্মদপুর থানা পুলিশ। পরে পুলিশ ও স্থানীয় লোকজন মিলে ১১ জনকে আটক করেন। অন্য আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় বৃহস্পতিবার মোতাহার হোসেন মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বারের ম্যানেজারসহ ওই ১১ জনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের আদালতে হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা জামিনের তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
























