| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • পৃথিবীর কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে চায়না
  • প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব

    পৃথিবীর কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে চায়না

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

    যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ, কাতার—এমনকি আফ্রিকার কোনো দেশও গণহত্যাকারীকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

    শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

    কে এম নাজমুল হক বলেন, দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর ইস্যু হয়ে উঠছে, এটি এখন আর গোপন কোনো বিষয় নয়।

    শুধু ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে—গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন কেন আশ্রয় দিয়ে রেখেছে?

    তিনি আরও উল্লেখ করেন, বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে যে ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতো শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া। এ নিয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও সেই চেষ্টা সফল হয়নি।

    ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়াই একমাত্র বাস্তবসম্মত বিকল্প।

    সহকারী প্রেস সচিব বলেন, হাসিনার সামনে একের পর এক পথ বন্ধ হয়ে আসছে। সর্বশেষ চেষ্টা হিসেবে এখন তৃণমূলের নেতাকর্মীদের রক্তের ওপর ভর করেই বাংলাদেশে ফিরতে চায় গণহত্যাকারী পলাতক শেখ পরিবার।

    ক্ষমতা ছেড়ে পালানোর সময় নেতাকর্মীদের মৃত্যুর মুখে ফেলে রেখে নিজের পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠিয়ে নিজেও পালিয়েছিলেন তিনি।

    দেশত্যাগের পর হাসিনাপুত্রের বক্তব্য ছিল—‘আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই।’

    যে পরিবার ক্ষমতায় থাকতে নেতাকর্মীদের ব্যবহার করেছে এবং বিপদের সময় তাদের ফেলে পালিয়ে গেছে, সেই পরিবার এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় আবারও তৃণমূলের নেতাকর্মীদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

    এ সময় তিনি আওয়ামী লীগকে ধর্মের মতো মনে করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া নেতাকর্মীদের নিজেদের ও পরিবারের কথা ভেবে বিষয়টি নতুন করে বিবেচনা করার আহ্বান জানান।

    আরও পড়ুন