রাজধানীর বিমানবন্দর এলাকায় পাজারো জিপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন মোবারক হোসেন রাজু (২৪) ও ফরিদুল ইসলাম সরদার। তারা পেশায় নির্মাণশ্রমিক বলে জানা গেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্কলাস্টিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, দুপুরে দুই মোটরসাইকেল আরোহী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কলাস্টিকা স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি জিপ তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, স্বজনদের মাধ্যমে জানা গেছে, নিহত দুজনই নির্মাণশ্রমিক ছিলেন। নিহত মোবারক হোসেন রাজুর গ্রামের বাড়ি গাজীপুর সদর এলাকায়। তিনি শফিকুল ইসলামের ছেলে। অপর নিহত ফরিদুল ইসলাম সরদার গাইবান্ধা সদর এলাকার মো. শহিদুল ইসলাম সরদারের ছেলে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর জিপটি নিয়ে পালিয়ে যান চালক। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
























