দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট স্বাভাবিক লঘুচাপের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. কমতে পারে।
বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাসে জানানো হয়, বৃষ্টির সাথে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে শীতল বাতাস প্রবাহিত হতে পারে, যা শীতের আমেজকে আরও বাড়িয়ে তুলবে।
বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির এই প্রবণতা দু-একদিন অব্যাহত থাকতে পারে।
বৃষ্টি কমলেই শীতের প্রকোপ আরও স্পষ্ট হয়ে উঠবে এবং সারাদেশে দিন ও রাতের সার্বিক তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে।
























