ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের কনফারেন্স রুমে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইমক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।
ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন। আলোচনায় ভারতীয় ভিসা পেতে ভোগান্তির বিষয়টি তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।
জবাবে হাইকমিশনার বলেন, ভারতীয় ভিসা পেতে সমস্যার বিষয়টি তারা খতিয়ে দেখছেন। বিশেষ করে, চিকিৎসার জন্য যাঁরা ভারতে যেতে চান, তারা যেন সহজে ভিসা পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদন জমা দেওয়ার স্লট পেতে কেন দেরি হচ্ছে, তা বোঝার চেষ্টা চলছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলেও উল্লেখ করেন তিনি।
দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের যাতায়াত যত বাড়বে, পারস্পরিক বন্ধুত্বও তত জোরদার হবে। এ সময় তিনি ইমক্যাবের সদস্যদের ব্যক্তিগত খোঁজখবর নেন।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন। এ সময় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভিকেও উপস্থিত ছিলেন।

























