| |
  • প্রচ্ছদ
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • প্রথম ভোটে জবি শিক্ষার্থীরা উচ্ছ্বসিত
  • প্রথম ভোটে জবি শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

    Icon
    জবি প্রতিবেদক
    প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর ভোটগ্রহণ চলছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো ২১ বছরের ইতিহাসে এই প্রথম জকসু নির্বাচন হওয়ায় প্রথম ভোট দেয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সরেজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রের সামনে দীর্ঘ লাইন। ভোট দিয়ে এসে অনেকেই একে অপরকে জড়িয়ে ধরছে, কেউ কেউ অমোচনীয় কালি লাগানো আঙুলের ছবি তুলছে, আবার কেউ গ্রুপ ছবি তুলে স্মরণীয় মুহূর্ত ধরে রাখছে।

    গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, এটা আমাদের জগন্নাথের ইতিহাসে প্রথম ভোট। আমার নিজের জীবনেও প্রথমবার ভোট দিলাম। আগে কোথাও ভোট দেয়ার সুযোগ হয়নি। অনুভূতিটা দারুণ।

    তিনি বলেন, এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো। সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছি। নির্বাচন উৎসবমুখরভাবেই চলছে এবং ভালো ফলাফল আসবে।

    নির্বাচন একাধিকবার পিছিয়ে গেলেও শিক্ষার্থীদের আগ্রহ কমেনি বলেও জানান তিনি।

    ৩০ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল, সেটি পিছিয়েছে। আমরা ভেবেছিলাম আগ্রহ কমে যেতে পারে, কিন্তু আজ যা দেখছি, আগ্রহ একটুও কমেনি। কারণ এটা সবার প্রথম ভোট।

    ফ্রিল্যান্স বিভাগের ছাত্রী শিক্ষার্থী বলেন, এটা আমার জীবনের প্রথম ভোট। অভিজ্ঞতাটা খুব ভালো ছিল।

    ভোটের পরিবেশ সুন্দর। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হবে এবং আমরা ভালো একটি সংসদ পাবো, যারা আমাদের প্রতিনিধি হবে।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক এহেছান আহমেদ তামিম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর জকসু নির্বাচন হচ্ছে। আশা করছি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হবে।

    নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী সকাল ৮টায় বিভিন্ন প্যানেলের প্রার্থী ও পোলিং এজেন্টরা মূল ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। সকাল ৮টা ৩০ মিনিটে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানো হয়। ৮টা ৩৫ মিনিটে ভোটারদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত।

    সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে অংশ নিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব এবং শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।

    আরও পড়ুন