সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের অবস্থান নিয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।
আজ শনিবার (২১ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত গুলশান-২ এলাকার ওই ভবনে তল্লাশি চালানো হলেও তাকে সেখানে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার পর থেকে গুলশান-২ নম্বরের ওই ভবনটির সামনে পুলিশ সদস্যরা অবস্থান নেন। এ সময় ১০ থেকে ১২ জন পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দেখা যায়। ভবনটির সামনে একটি মালবাহী পিকআপও অবস্থান করছিল।
অভিযানের বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর গণমাধ্যমকে বলেন, “একটি তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় গিয়েছিল। তবে সেখানে তারানা হালিমকে পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।”
ভবনটির নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, ওই ভবনের চারতলার ফ্ল্যাটে তারানা হালিমের পরিবার থাকত। বিকেলে একজন চালক বাসা থেকে কিছু মালামাল নিচে নামাচ্ছিলেন।
এর পরপরই পুলিশ সেখানে আসে। দুইজন নারী পুলিশ সদস্য ওপরে গিয়ে ফ্ল্যাটটি ঘুরে দেখেন, তবে ভেতরে কাউকে পাননি এবং কোনো কিছু জব্দও করেননি।
নিরাপত্তাকর্মী আরও দাবি করেন, সরকার পতনের পর থেকেই তারানা হালিম ওই বাসায় থাকেন না। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সংরক্ষিত নারী আসনের সাবেক এই সংসদ সদস্যকে প্রকাশ্যে দেখা যায়নি।
























