| |
শিরোনাম
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আইসিজের রায় মেনে চলতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
  • আইসিজের রায় মেনে চলতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

    রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমার বাধ্য বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, আদালতের রায় না মানলে মিয়ানমারের জন্য পরিণতি ভালো হবে না।

    শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। সকাল পৌনে ৯টার দিকে ক্যাম্পে পৌঁছালে রোহিঙ্গারা তাকে স্বাগত জানান। এ সময় তিনি শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা শোনেন।

    ড. খলিলুর রহমান বলেন, বিশেষ একটি সময়ে ও ঐতিহাসিক মুহূর্তে তিনি রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন। এর আগের দিন আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার মামলায় রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

    তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণহত্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। রোহিঙ্গাদের হারানো অধিকার, পরিচয় ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও করতে হবে।

    রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার পর যেন তারা আবার নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

    এ জন্য প্রত্যাবাসনের আগে ও পরে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে, যাতে তারা ভয়ভীতি ছাড়াই নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন।

    এদিকে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের জীবন বাঁচিয়েছেন। এ জন্য বাংলাদেশের প্রতি তারা কৃতজ্ঞ। তবে তারা অনির্দিষ্টকাল শরণার্থীশিবিরে থাকতে চান না।

    তিনি বলেন, রোহিঙ্গাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের বাড়িতে ফিরে যাওয়া। এ জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

    আরও পড়ুন