লিওনেল মেসির অবসরের পর নতুন যুগের শুরুটা জয় দিয়ে রাঙাতে পারল না আর্জেন্টিনা। ঘরের মাঠ লা বোম্বোনেরায় উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা কোচ লিওনেল স্কালোনিরও নতুন মেয়াদ শুরু হলো হার দিয়ে।
তবে পরাজয়ের মধ্যেও দলের ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন স্কালোনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। একই সঙ্গে তরুণ খেলোয়াড়দের ওপর অতিরিক্ত দায়িত্ব না চাপিয়ে তাদের ধৈর্য ধরে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্কালোনি বলেন, ‘আমরা তাদের কাছ থেকে দলকে নিজেদের কাঁধে বয়ে নিয়ে যাওয়ার আশা করতে পারি না।’ তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রমাণের সুযোগ দিতে হবে বলেও মনে করেন তিনি।
মেসির অনুপস্থিতিতে দলকে নতুন করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা স্বীকার করে আর্জেন্টাইন কোচ বলেন, নতুন খেলোয়াড়দের একসঙ্গে খেলতে এবং সতীর্থদের বুঝতে সময় দিতে হবে। এ জন্য নিয়মিত ম্যাচ খেলার বিকল্প নেই।
ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সন্তুষ্ট স্কালোনি। তাঁর মতে, দল ধৈর্য ধরে খেলেছে এবং প্রতিপক্ষের ওপর চাপ তৈরির চেষ্টা করেছে। তবে সুযোগ কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত জয় পাওয়া সম্ভব হয়নি।
আগামী মঙ্গলবার কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। ওই ম্যাচে কয়েকজন খেলোয়াড়কে আবারও সুযোগ দেওয়া হতে পারে।
এদিকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে গোলরক্ষক জেরোনিমো রুলির। দুই গোল হজম করলেও তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ। স্কালোনি বলেন, গোল দুটির জন্য রুলির কিছু করার ছিল না। তিনি দলের সঙ্গে থাকছেন।
পরাজয় ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে স্কালোনি বলেন, আর্জেন্টিনা জাতীয় দলকে সবসময় সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আর উন্নতির জন্য তরুণদের সুযোগ দিয়ে নিয়মিত ম্যাচ খেলতে হবে।
























