| |
  • প্রচ্ছদ
  • বিদ্যুৎ ও জ্বালানি
  • স্বাভাবিক হচ্ছে দেশের গ্যাস সরবরাহ 
  • স্বাভাবিক হচ্ছে দেশের গ্যাস সরবরাহ 

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

    রক্ষণাবেক্ষণ কাজ শেষে পুনরায় চালু হয়েছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল। এর ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরতে শুরু করেছে।

    শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে টার্মিনালটির মাধ্যমে এলএনজি পুনঃগ্যাসীকরণ (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম শুরু হয়। পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সামিটের এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ায় পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে মহেশখালীর দুটি এলএনজি টার্মিনাল থেকেই জাতীয় গ্যাস গ্রিডে আগের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে।

    পেট্রোবাংলার শনিবার দুপুর ২টার তথ্য অনুযায়ী, দেশে মোট গ্যাস সরবরাহের পরিমাণ ছিল দৈনিক ২ হাজার ৪০৮ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৫৮৪ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে ৮২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে।

    এর আগে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ৪ নভেম্বর সকাল ৮টা থেকে সামিটের এলএনজি টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দেয়। এতে আবাসিক গ্রাহক, শিল্পকারখানা ও সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি তৈরি হয়।

    দেশে আমদানি করা এলএনজি সরবরাহের জন্য মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি পরিচালনা করে সামিট গ্রুপ, অন্যটি যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি। সামিটের টার্মিনালের দৈনিক গ্যাস সরবরাহ সক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট এবং এক্সিলারেট এনার্জির সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট।

    টার্মিনালটি চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

    আরও পড়ুন