অমর একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’র রচয়িতা কবি, সাংবাদিক ও ভাষাসংগ্রামী মাহবুব উল আলম চৌধুরীর ৯৯তম জন্মবার্ষিকী আজ ৭ নভেম্বর। ১৯২৭ সালের এই দিনে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনে অসামান্য অবদানের মধ্য দিয়ে তিনি স্থান করে নিয়েছেন ইতিহাসের পাতায়।
মাহবুব উল আলম চৌধুরী কেবল একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক। ১৯৫২ সালে তিনি চট্টগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ওই বছরের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণের খবর পাওয়ার পর সেদিনই তিনি রচনা করেন ঐতিহাসিক কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’। কবিতাটি ভাষা আন্দোলনের প্রতিবাদী চেতনার এক অনন্য দলিল হিসেবে বিবেচিত।
কৈশোর থেকেই সাহিত্যচর্চায় যুক্ত হন মাহবুব উল আলম চৌধুরী। ১৯৪৭ সালে তিনি প্রগতিশীল সাহিত্যপত্রিকা ‘সীমান্ত’ সম্পাদনা শুরু করেন। পত্রিকাটি তৎকালীন পূর্ব বাংলা ও পশ্চিমবঙ্গের সাহিত্যাঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করে। কবিতা, গল্প, নাটক ও প্রবন্ধসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অবদান রয়েছে। পাশাপাশি সাম্প্রদায়িকতা, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর লেখনী ছিল সোচ্চার।
মুক্তিযুদ্ধের পরও সাহিত্য ও সাংবাদিকতার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। ১৯৭২ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক স্বাধীনতার সম্পাদকীয় বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন প্রান্তিক নবনাট্য সংঘ ও কৃষ্টি কেন্দ্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৬ সালে বাংলা একাডেমি তাঁকে ফেলোশিপ প্রদান করে। ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৯ সালে তাঁকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।
২০০৭ সালের ২৩ ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন এই গুণী কবি। তবে তাঁর রচনা, বিশেষ করে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ আজও বাঙালির প্রতিবাদ, অধিকার ও মাতৃভাষার প্রতি ভালোবাসার প্রতীক হয়ে আছে।























