ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম জারি করেছে। এখন থেকে অনলাইনে ভিসা আবেদনের সময় নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ (Visa Undertaking Form) বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দিষ্ট এই ফরম্যাটে ফর্ম জমা না দিলে কোনো আবেদনই গ্রহণ করা হবে না বলে হাইকমিশনের নির্দেশনায় জানানো হয়েছে।
নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামা জমা না দিলে আবেদন গ্রহণ করা হবে না।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
হাইকমিশনের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফর্মটি ডাউনলোড করে সঠিক তথ্য দিয়ে পূরণের পর তা স্ক্যান করে এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে (NIC Visa Application Portal) আপলোড করতে হবে।
নতুন ফরমে যেসব তথ্য ও অঙ্গীকার দিতে হবে:
ব্যক্তিগত তথ্য: পাসপোর্ট অনুযায়ী আবেদনকারীর পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং বর্তমান বাসস্থানের পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে।
সফরের উদ্দেশ্য: ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য স্পষ্টভাবে লিখতে হবে (যেমন: পর্যটন, ব্যবসা, চিকিৎসা, সম্মেলন ইত্যাদি)। মূল অঙ্গীকারসমূহ:
১. আবেদনকারীকে নিশ্চিত করতে হবে যে তিনি শুধু আবেদনপত্রে উল্লেখিত নির্দিষ্ট উদ্দেশ্যেই ভারত সফর করবেন।
২. সফরের মেয়াদ শেষ হওয়া মাত্রই নিজ দেশে ফিরে আসবেন এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত সময় ভারতে অবস্থান করবেন না।
৩. ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলবেন। অঙ্গীকারনামার শেষে আবেদনকারীকে স্থান, তারিখ ও নিজ স্বাক্ষর দিতে হবে। আবেদনকারী অপ্রাপ্তবয়স্ক (মাাইনোর) হলে তার বাবা-মা উভয়কেই এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে।
ফর্মে সতর্ক করে বলা হয়েছে, প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে বা আইন লঙ্ঘন করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতা নষ্ট হতে পারে।
























