মজুরি বৃদ্ধির দাবিতে টানা কয়েক দিনের ক্ষোভ, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের পর শান্ত আবহাওয়ায় কারখানায় ফিরেছেন গাজীপুরের শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও মৌচাকসহ বিভিন্ন শিল্প এলাকায় নির্ধারিত সময়ে শ্রমিকরা নিজ নিজ কারখানায় প্রবেশ করেন এবং কাজে যোগ দেন। সকালে এলাকাগুলো ঘুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা নতুন করে বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, বকেয়া এবং ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে বিগত কয়েক দিন ধরে গাজীপুরের গুরুত্বপূর্ণ শিল্প পয়েন্টগুলোতে পোশাক শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ করে আসছিলেন।
পরবর্তীতে সরকার শ্রমিকদের দাবির প্রেক্ষিতে নতুন ‘মজুরি বোর্ড’ গঠনের আশ্বাস দিলে পরিস্থিতির উন্নতি ঘটে। আজ সকাল পর্যন্ত কোথাও কোনো অবরোধ বা বিক্ষোভ দেখা যায়নি।
শিল্প এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি পুলিশ, বিজিবি, আনসার সদস্য এবং মোবাইল কোর্ট টহল দিচ্ছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল ২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, “সকাল থেকে গাজীপুরের কোথাও কোনো বিশৃঙ্খলা বা আন্দোলনের ঘটনা ঘটেনি। পরিস্থিতি পুরোপুরি শান্ত ও স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন।
কোনো কারখানায় ছুটি ঘোষণা করা হয়নি; প্রায় সব কারখানাতেই উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।”



























