| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস
  • আজ সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

    স্মার্ট ও প্রযুক্তিনির্ভর ডাকসেবা নিশ্চিত করার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ‘বিশ্ব ডাক দিবস-২০২৬’। ১৮৭৪ সালের ৯ অক্টোবর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রতিষ্ঠার স্মৃতি স্মরণে প্রতি বছর এই দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালন করা হয়।

    এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ (One Postal Network, Infinite Possibilities)। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ সকালে রাজধানীর আগারগাঁওস্থ ডাক ভবনে এক আলোচনাসভার আয়োজন করে ডাক অধিদপ্তর।

    মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি।বিশ্ব ডাক দিবস উদযাপনের অংশ হিসেবে ডাক বিভাগ দেশব্যাপী ১৫ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী ‘ডাকসেবা সপ্তাহ’ ঘোষণা করেছে।

    এর অধীন কক্সবাজার সমুদ্রসৈকতসহ দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক (ডাকটিকিট) প্রদর্শনী ও বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া আজ ও আগামীকাল দেশের সকল কার্যালয়ে সাধারণ ডাকসেবা চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    বর্তমানে বাংলাদেশ ডাক বিভাগ তাদের ঐতিহ্যবাহী সেবার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি যুক্ত করে দ্রুত, নির্ভরযোগ্য ও আধুনিক লজিস্টিকস প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

    মানুষের দৈনন্দিন সামাজিক যোগাযোগ, বাণিজ্য ও অর্থপ্রবাহে ডাক ব্যবস্থার কার্যকর ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য।

    আরও পড়ুন