মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাত ও আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কার মুখে দখলদার রাষ্ট্র ইসরায়েলে অতিরিক্ত সেনা ও সামরিক বিমান পাঠানোর জোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলে বিদ্যমান মোতায়েনের পাশাপাশি নতুন করে আরও অতিরিক্ত সামরিক সদস্য ও অত্যাধুনিক যুদ্ধবিমান পৌঁছাবে।
বর্তমানে ইসরায়েলে প্রায় তিন হাজার মার্কিন সেনা নিয়োজিত রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়া এবং সম্ভাব্য সংঘাত এড়াতে প্রতিরক্ষামূলক অবস্থান আরও শক্তিশালী করতেই পেন্টাগন এই সিদ্ধান্ত নিয়েছে বলে নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে।
এর আগে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর কৌশলগত অবস্থান জোরদার করতে অঞ্চলটিতে বিমানবাহী রণতরী বহরসহ কয়েক হাজার অতিরিক্ত সেনা পাঠায় ওয়াশিংটন।
নতুন করে ইসরায়েলের মাটিতেই সরাসরি এই অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের মাধ্যমে মিত্র দেশটির আকাশ প্রতিরক্ষা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি




























