সোমালিয়া কোনো অবস্থাতেই নিজেদের ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি মেনে নেবে না এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংকটে দেশকে টেনে নেওয়ার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মোহামুদ স্পষ্টভাবে জানান, আন্তর্জাতিক বা আঞ্চলিক কোনো ক্ষমতার লড়াইয়ে সোমালিয়ার মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।
প্রতিবেদন অনুযায়ী, সোমালিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের স্বঘোষিত স্বাধীন অঞ্চল সোমালিল্যান্ডের কৌশলগত বারবেরা বন্দরে একটি নৌঘাঁটি স্থাপন এবং এর বিমানবন্দর ব্যবহার করার চেষ্টা করছে ইসরায়েল।
তেল আবিবের মূল উদ্দেশ্য হলো এর মাধ্যমে উপসাগরীয় দেশসমূহ এবং ইরানের ওপর নজরদারি বৃদ্ধি করা।
সোমালি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ইসরায়েল যদি সোমালিল্যান্ডকে কোনো প্রক্সি বা মোহরা হিসেবে ব্যবহার করতে চায়, তবে ‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চলটি মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন কেন্দ্রস্থলে পরিণত হবে।
সোমালি জনগণ ও তাদের কেন্দ্রীয় সরকার যেকোনো মূল্যে এই ধরনের প্রচেষ্টা নস্যাৎ করবে।
উল্লেখ্য, ১৯৯১ সালে সোমালিল্যান্ড একতরফাভাবে সোমালিয়া থেকে স্বাধীনতার ঘোষণা দিলেও মোগাদিশু তা স্বীকার করেনি এবং কেন্দ্রীয় সরকার অঞ্চলটিকে নিজেদের সার্বভৌম ভূখণ্ড হিসেবেই গণ্য করে।
সম্প্রতি ইসরায়েল অঞ্চলটিকে স্বীকৃতি দেওয়ার পর থেকে সোমালিয়ার সঙ্গে নতুন করে কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনা শুরু হয়।



























