ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান জোরদার করেছে দেশটির সশস্ত্র বাহিনী ও মিত্র জোট। গত ২৪ ঘণ্টায় রাজধানী সানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে ৪৭৪টি বিমান হামলা ও নির্ভুল সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
এসব অভিযানে অন্তত ১ হাজার ৫৪০ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি জানান, হুথি বিদ্রোহীদের শক্ত ঘাঁটি, সামরিক গতিবিধি, রসদ সরবরাহ লাইন ও সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, গোলন্দাজ ইউনিট, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়।
সবচেয়ে তীব্র লড়াই হয়েছে তাইজ ফ্রন্টে এবং এখানেই অধিকাংশ হুথি যোদ্ধা হতাহত হয়েছেন। পাশাপাশি বিদ্রোহীদের ২১৬টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
অভিযানগুলো সানা, সাদা, তাইজ, হাজ্জাহ, আমরান, কিতাফ, আল-জাওফ, মারিব, আল-বাইদা ও লাহজসহ একাধিক কৌশলগত এলাকায় পরিচালিত হয়। অন্যদিকে, সৌদি জোটের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় সানা, সাদা, তাইজসহ বিভিন্ন অঞ্চলে ৯৪টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
হামলাগুলোতে এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে এবং বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষ হতাহত হয়েছেন বলে তাদের দাবি। লোহিত সাগরের কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইয়েমেনে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে এ সংঘাত চলছে।
সাম্প্রতিক এসব জোরালো হামলায় সংঘাত নতুন করে আরও ভয়াবহ রূপ রূপ নিয়েছে, যা দেশটির চলমান মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।
সূত্র: আল-জাজিরা



























