দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে সরকার অগ্রাধিকারমূলক পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহদী আমিন বলেন, শিক্ষা খাত বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকারের জায়গা।
শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। উচ্চশিক্ষায় মানসম্মত গবেষণা ও উদ্ভাবনের সুযোগ বৃদ্ধিতেও সরকার অত্যন্ত আন্তরিক।
অনুষ্ঠান শেষে মাহদী আমিনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ডের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা খাতে বাংলাদেশ সরকার ও ব্রিটিশ কাউন্সিলের পারস্পরিক অংশীদারত্ব জোরদার, সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং সরকারের গৃহীত বিভিন্ন শিক্ষাসংক্রান্ত সংস্কারমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

























