জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি অভিবাসন, কারিগরি শিক্ষা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশের জ্বালানি উৎস বহুমুখীকরণে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন এবং অস্ট্রেলিয়া থেকে এলএনজি আমদানির সুযোগ সৃষ্টির প্রস্তাব দেন। এছাড়া তিনি অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি অনুসন্ধান, কৃষি প্রক্রিয়াজাতকরণ, চিকিৎসা কৌশল, লজিস্টিকস ও উৎপাদন খাতে অস্ট্রেলিয়ার আরও বিনিয়োগ আহ্বান করেন।
পাশাপাশি বাংলাদেশি পেশাজীবীদের জন্য দক্ষ জনশক্তি অভিবাসনের সুযোগ, শিক্ষা বৃত্তি ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর (টিটিসি) মানোন্নয়নে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানেও অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তা কামনা করেন রাষ্ট্রপতি।
হাইকমিশনার সুসান রাইল বাংলাদেশে ব্যাংকিং খাতসহ অর্থনৈতিক সংস্কারের প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও জোরদারে অস্ট্রেলিয়ার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।




























