সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের বর্ধিত বেতন পাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত ধাপে পৌঁছেছে। আগামী অক্টোবর মাসের বেতন থেকেই মিলবে নতুন পে-স্কেলের সুবিধা। এর অংশ হিসেবে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘পে-ফিক্সেশন’ বা বেতন নির্ধারণের মূল কার্যক্রম, যা চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের ‘আইবাস প্লাস প্লাস’ (iBAS++) পোর্টালে প্রবেশ করে নিজস্ব তথ্যাদি যাচাই ও পে-ফিক্সেশন সম্পন্ন করতে হবে।
প্রক্রিয়াটি দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় অনলাইন প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।
পে-ফিক্সেশন সম্পন্ন হওয়ার পর অর্থমন্ত্রণালয় থেকে নতুন স্কেলে মূল বেতন ও বকেয়া অর্থ পরিশোধের হিসাব চূড়ান্ত করা হবে। সঠিক তথ্যের ভিত্তিতে হিসাবরক্ষণ কার্যালয়ের যাচাই শেষে দ্রুতই অক্টোবর মাসের বর্ধিত বেতন এবং নির্ধারিত বকেয়া পাওনা প্রদান শুরু করবে সরকার।
একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন পে-স্কেলের আওতায় নির্ধারিত স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।


























