টানা তিন দফায় দাম কমার পর অবশেষে দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধির কারণে সর্বমোট ২ হাজার ২১৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ২ লাখ ৩০ হাজার ৭৮১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন দর অনুযায়ী:২২ ক্যারেট: প্রতি গ্রাম ১৯,৭৮৫ টাকা (প্রতি ভরি ২,৩০,৭৮১ টাকা) ২১ ক্যারেট: প্রতি গ্রাম ১৮,৮৯৫ টাকা (প্রতি ভরি ২,২০,৩৮৯ টাকা) ১৮ ক্যারেট: প্রতি গ্রাম ১৬,২২৫ টাকা (প্রতি ভরি ১,৮৯,২৫০ টাকা) সনাতন পদ্ধতি: প্রতি গ্রাম ১৩,২৫৫ টাকা (প্রতি ভরি ১,৫৪,৬০৯ টাকা) স্বর্ণের নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে অলংকারের নকশা অনুযায়ী নূন্যতম মজুরি ও বাজুস নির্ধারিত নিয়মাবলি যোগ হবে।
এদিকে সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৩৭০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এক দিন আগেই ছিল ৩৫৫ টাকা।
উল্লেখ্য, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সার্বিক অবস্থা বিবেচনা করে গত কয়েক দিনে তিন দফায় সোনার দাম কমিয়েছিল বাজুস। তবে আজ নতুন সিদ্ধান্তে বাজার ফের ঊর্ধ্বমুখী হলো।




























