| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বিশ্বমঞ্চে বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতিতে মন্ত্রিসভার অভিনন্দন
  • বিশ্বমঞ্চে বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতিতে মন্ত্রিসভার অভিনন্দন

    Icon
    সিনিয়র প্রতিবেদক
    প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

    জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সফল ও ঐতিহাসিক অংশগ্রহণ উপলক্ষে প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বিশ্বমঞ্চে বাংলাদেশের উজ্জ্বল ও সুদৃঢ় উপস্থিতি তুলে ধরায় এ ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

    সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

    মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার দিনের এ সফরে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও ৭টি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য প্রদান করেন। পাশাপাশি তিনি ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে ধারাবাহিক বৈঠক সম্পন্ন করেন। পুরো সফরে তিনি মোট ৩২টি আন্তর্জাতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্ব করা বিশ্ব ইতিহাসে এক অনন্য ও বিরল ঘটনা। এর আগে ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন।

    সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের অঙ্গীকার, স্বার্থ ও ভবিষ্যৎ প্রত্যাশা কার্যকরভাবে তুলে ধরেছেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি বহুপাক্ষিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    আরও পড়ুন