| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • জামায়াতকে বিশ্বাস করলে ভুল করবে বিএনপি: ফজলুর রহমান
  • জামায়াতকে বিশ্বাস করলে ভুল করবে বিএনপি: ফজলুর রহমান

    Icon
    বিশেষ প্রতিবেদক
    প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

    জামায়াতে ইসলামীকে কোনোভাবে বিশ্বাস করা হলে বিএনপি বড় ধরনের রাজনৈতিক ভুল করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

    জামায়াতের বিষয়ে বিএনপির হাইকমান্ডসহ সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রবিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    দেশজুড়ে পরিকল্পিত বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এই সমাবেশের আয়োজন করে। বক্তব্যে ফজলুর রহমান বলেন, “যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এ দেশের বুদ্ধিজীবীদের হত্যায় ভূমিকা রেখেছিল—তাদের যদি আপনারা রাজনৈতিক মিত্র বা আপন ভাবেন, তবে বিএনপি বড় ধরনের ভুল করবে।

    প্রয়োজনে আপনারা বিষধর সাপকে বিশ্বাস করতে পারেন, কিন্তু জামায়াতকে বিশ্বাস করা চরম বিপজ্জনক।” তিনি অভিযোগ করেন, জামায়াত দ্বিমুখী নীতি অবলম্বন করে রাজনীতি করছে। সংসদে যাওয়ার সময় তারা এক ভূমিকা পালন করে, আর বাইরে এসে সম্পূর্ণ ভিন্ন অবস্থান গ্রহণ করে বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার বা সরানোর চক্রান্তে লিপ্ত হয়।

    নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে ফজলুর রহমান আরও বলেন, আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রপরিচালনার লক্ষ্য পূরণ করতে হলে নেতাকর্মীদের সততা ও শৃঙ্খলার পরিচয় দিতে হবে।

    কোনো ধরনের চাঁদাবাজি, ক্ষমতার দাপট বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো যাবে না; কারণ দেশের জনগণ এখন অনেক বেশি সচেতন ও সোচ্চার।

    নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর পরিচালনায় সমাবেশে স্থানীয় অন্যান্য সংসদ সদস্য ও কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন