র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে নবগঠিত বিশেষায়িত ইউনিট ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। (১৬ সেপ্টেম্বর বুধবার) ২০২৬ তারিখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশের মাধ্যমে বাহিনীটি নতুন পরিচয়ে তাদের অফিশিয়াল কার্যক্রম শুরু করে।
এসআরবির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ যাত্রার সূচনা ঘোষণা করেন বাহিনীর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। দেশের সব ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে নতুন আইনের আলোকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসআরবি প্রধান জানান, বাহিনীর লোগো, পতাকা, মনোগ্রাম এবং পোশাকে পরিবর্তন আনার প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে শিগগিরই এসব পরিবর্তন দৃশ্যমান হবে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে সংবাদ বিজ্ঞপ্তি ও অফিশিয়াল যোগাযোগে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার শুরু হয়েছে এবং অনলাইন প্ল্যাটফর্ম ও পেজগুলোর নাম সংশোধন করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিল পাস হয়। এরপর ১৫ সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এটি আইনি রূপ লাভ করে। জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের পূর্ণ আস্থা অর্জনে এই বিশেষায়িত বাহিনী কাজ করে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।




























