রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের এই সরকারি সফরে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার পাশাপাশি মা-বাবার কবর জিয়ারত এবং স্থানীয় মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সফরের দ্বিতীয় দিন সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতির।
সফরসূচি অনুযায়ী, আজ দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছাবেন মির্জা ফখরুল। সেখান থেকে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন তিনি।
বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। সংবর্ধনা শেষে নিজ বাসভবনে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাতে নিজ বাড়িতেই অবস্থান করবেন।
সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে পুনরায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তার। এরপর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফিরে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। পরে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তার।রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা সফর ঘিরে ঠাকুরগাঁও শহরে কয়েকদিন ধরেই চলছে প্রস্তুতি। বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক পরিচ্ছন্ন করা হয়েছে।
সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করেছে প্রশাসন। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
রাষ্ট্রপতি হওয়ার আগে দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন তিনি। চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব নেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার ওই সংসদীয় আসনটি শূন্য হয়।































