কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে রাজধানীতে দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ফোরামের সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় ২০০ জন চিকিৎসা সেবা নিয়েছেন। এ ছাড়া ১২০ জন বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং প্রায় ২০০ জনকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর)।
সকালে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক আঞ্চলিক উপদেষ্টা ও স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মুহাম্মদ জাকির হোসেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চের পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইলিয়াস।
হেলথ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দেন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন), নিউরোসার্জন অধ্যাপক ডা. মাহফুজুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা এবং গাইনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রুশদানা রহমান (তমা)।
ডিসিআরের ৩০ সদস্যের চিকিৎসক দল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে অংশ নেওয়া রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। ওষুধ সরবরাহে সহযোগিতা করে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি, বায়োফার্মা লিমিটেড ও কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড। এছাড়া খন্দকার টি’র সৌজন্যে চা-কফির ব্যবস্থা ছিল।
দিনব্যাপী চিকিৎসা কার্যক্রম শেষে সন্ধ্যায় ক্যাম্পে স্বেচ্ছাসেবায় বেস্ট পারফর্মারদের অনুভূতি প্রকাশের সুযোগ দেওয়া হয়। পরে তাদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
































