হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ-এই তিন ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে আলাদা তিনটি ট্রাস্ট গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপাসনালয়গুলো আরও সমৃদ্ধ ও সুন্দরভাবে পরিচালনা করা এবং পূজারি ও ভক্তরা যেন নির্বিঘ্নে প্রার্থনা ও আরাধনা করতে পারেন, তা নিশ্চিত করতেই এসব ট্রাস্টের পরিচালনা কমিটি কাজ করবে।
তিনি বলেন, ট্রাস্টের দায়িত্বে যারা এসেছেন, তারা নিজ নিজ সম্প্রদায়ের অত্যন্ত যোগ্য ও দক্ষ ব্যক্তিত্ব। তারা আন্তরিকতার সঙ্গে উপাসনালয়গুলোর সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করবেন।
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমাদের এই মাটির গভীরে রয়েছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। হাজার বছর ধরে আমরা একই সমাজে ও মহল্লায় কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ও নৃ-গোষ্ঠীর সমান স্থান রয়েছে। এখানে প্রত্যেকেই গর্বভরে নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পারে।
তিনি আরও বলেন, দেশবিরোধী নানা চক্রান্তকারী দল আমাদের এই অটুট বন্ধনকে ভাঙার চেষ্টা করলেও দেশের মানুষ সব সময় একতাবদ্ধ থেকেছে। আমরা একে অপরের পূজা-পার্বণ কিংবা ঈদে আনন্দের অংশীদার হই।
আওয়ামী চক্রান্ত কিংবা অন্য যেকোনো বাধার মুখেও এই সম্প্রীতি যুগ যুগ ধরে বজায় থাকবে। বিএনপির নেতৃত্বে সব ধর্মের মানুষ একক কোনো ধর্মীয় প্রতিনিধি হিসেবে নয়, বরং পুরো জাতির প্রতিনিধি হিসেবে অবদান রেখে চলেছেন, বলেন রিজভী।
তিন সম্প্রদায়ের নবগঠিত ট্রাস্টি বোর্ডের সফলতা কামনা করে রিজভী বলেন, তারা নিজ নিজ সম্প্রদায়ের কল্যাণ ও ধর্মীয় আচারের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।
শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

























