| |
  • প্রচ্ছদ
  • খেলা
  • টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা বাংলাদেশ
  • টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা বাংলাদেশ

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

    অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় এবার বাংলাদেশের র‍্যাংকিংয়েও এনে দিল বড় স্বীকৃতি। ম্যাকাইয়ে সিরিজের শেষ টেস্টে বড় ব্যবধানে হারলেও আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে উঠেছে বাংলাদেশ।

    রোববার প্রকাশিত হালনাগাদ র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এর আগে কখনো এত ওপরে উঠতে পারেনি টাইগাররা। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮।

    মূলত ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর ফলেই র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। সেই জয়ের প্রভাবেই আগের সপ্তম অবস্থান ছাড়িয়ে এবার ছয়ে উঠে এসেছে দলটি। বাংলাদেশের ওপরে র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড।

    অন্যদিকে বাংলাদেশের ঠিক পেছনে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং যথাক্রমে ৭৬, ৭৫ ও ৭৪। তবে ষষ্ঠ অবস্থানটি ধরে রাখার লড়াইটা বাংলাদেশের জন্য সহজ হবে না। কারণ পেছনে থাকা দলগুলোর সঙ্গে রেটিংয়ের ব্যবধান খুবই কম। এর আগে ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবার টেস্ট র‍্যাংকিংয়ের সাত নম্বরে উঠেছিল বাংলাদেশ।

    এবার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের পর সেই রেকর্ডও ছাড়িয়ে গেল শান্তদের দল। ম্যাকাই টেস্টে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ।

    শেষ ম্যাচের ফলটা হতাশার হলেও পুরো সফরের সবচেয়ে বড় অর্জন হিসেবে থাকছে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় এবং তারই পুরস্কার হিসেবে টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের নতুন ইতিহাস।

    আরও পড়ুন