রাজধানীর কদমতলীর জুরাইন রেলগেট এলাকায় একটি দোকান থেকে লাল-কালো টেপে মোড়ানো পাঁচটি ককটেল উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় নাঈম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০-এর যাত্রাবাড়ী সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তাপস কর্মকার।
তিনি জানান, জুরাইন রেলগেট এলাকা থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাঈম নামে একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।
র্যাব কর্মকর্তা আরও জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুরাইনের হাবিবুল্লাহ মার্কেটের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে লাল-কালো টেপে মোড়ানো পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক নাঈমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।

























