ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১০ আগস্ট) রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। এনটিআরসিএর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রয়েছে।
তিনি জানান, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে কোনো অপতথ্য প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এনটিআরসিএকে বাদ দিয়ে গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে-এমন খবরে তীব্র ক্ষোভ তৈরি হয়।
এরই মধ্যে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এ ঘোষণা এলো।
























