স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম বাড়ার পর দেশের বাজারেও সোনা-রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এ দর কার্যকর হবে।
সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৮ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৫৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৮৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের তথ্যানুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫১ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৫০ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
চলতি বছরের ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এটিই দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

























